নওগাঁর দুই উপজেলায় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রাম এবং মান্দা উপজেলার চকরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ধামইরহাট থানার পরিদর্শক মোখলেছুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন ধামইরহাট উপজেলার ইসবপুর গ্রামের বাসিন্দা মোখলেছুর রহমান (৩৮) এবং মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া গ্রামের পিন্টু হোসেন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের ক্ষেত থেকে শসা সংগ্রহ করছিলেন মোখলেছুর রহমান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করলে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
অন্যদিকে মান্দা উপজেলার চকরামপুর গ্রামে বাড়ির পাশের একটি মাঠে ধানের জমিতে কাজ করছিলেন পিন্টু হোসেন। কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মান্দা থানার পরিদর্শক মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি মাঠে ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই পিন্টু হোসেন মারা যান। নিহত দুই কৃষকের পরিবারকে উপজেলা প্রশাসনের মাধ্যমে সরকারি আর্থিক সহায়তা দেয়া হবে।