বাংলাদেশ এক দেশের সঙ্গে সম্পর্ককে আরেক দেশের সম্পর্কের নিরিখে তুলনা করে না: পররাষ্ট্রসচিব

পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ককে আলাদাভাবে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে থাকে। এক দেশের সঙ্গে সম্পর্ককে আরেক দেশের সম্পর্কের নিরিখে তুলনা করে না। আমরা যা করি আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের জনগণের প্রয়োজনে, আমাদের দেশের কল্যাণে করি।

বাংলাদেশ অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের তুলনা করে জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের মূল্যায়ন করে না বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রসম্পর্ক নির্ধারিত হয় নিজস্ব জাতীয় স্বার্থ, জনগণের প্রয়োজন ও দেশের কল্যাণের ভিত্তিতে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফর উপলক্ষে আজ সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রসচিব।

জাপানের সঙ্গে বাংলাদেশের কৌশলগত সম্পর্ক কোন পর্যায়ে নেয়া হচ্ছে এবং এ সফর অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে বিবেচিত হচ্ছে কিনা, জানতে চাইলে আসাদ আলম সিয়াম বলেন, বাংলাদেশ সব দেশের সঙ্গে সম্পর্ককে আলাদাভাবে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করে থাকে। এক দেশের সঙ্গে সম্পর্ককে আরেক দেশের সম্পর্কের নিরিখে তুলনা করে না। আমরা যা করি আমাদের নিজেদের স্বার্থে, নিজেদের জনগণের প্রয়োজনে, আমাদের দেশের কল্যাণে করি।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর টোকিও সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের দ্বিতীয় দিন ২৭ অক্টোবর দুই প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ ও জাপানের সম্পর্ক বর্তমানে কৌশলগত অংশীদারত্বের পর্যায়ে রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন পররাষ্ট্রসচিব। বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, বিজ্ঞান ও প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে।

সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, রোহিঙ্গা সংকট এবং বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির মতো বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

আরও