শিগগিরই নতুন মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিওভুক্তি) ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার দুপুরে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘বাংলাদেশ ইতিহাস সম্মিলনী'র সপ্তম বার্ষিক সম্মেলনে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
মূলত শাহবাগে টানা ১৩ দিন অবস্থানরত প্রতিবন্ধী শিক্ষকদের এমপিওভুক্তির ব্যাপারে শিক্ষামন্ত্রী প্রশ্ন করেন সাংবাদিকরা। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী স্কুলের নীতিমালার মধ্যে যদি তারা পড়েন নিশ্চয়ই হবে। আশা করছি শিগগিরই নতুন এমপিওভুক্তির ঘোষণা দিতে পারবো। এটি নিয়ে কাজ চলছে।
শেখ হাসিনার সকারের সময় কোনো শিক্ষককে আন্দোলনে নামার দরকার আছে বলে মনে করেন না শিক্ষামন্ত্রী। তিনি বলেন, তাদের দাবি যদি যৌক্তিক হয় সরকার এমনিতেই পূরণ করবে। প্রতিবন্ধী স্কুল যারা চালান, তাদের কথা আমরা অবশ্যই চিন্তা করবো।
উপাচার্য নিয়োগে নীতিমালার বিষয়েও জানতে চান সাংবাদিকরা। দীপু মনি বলেন, আমরা যেকোনো বিষয়ে ঢালাও মন্তব্য করি। ভালোমন্দ সব জায়গায় আছে। দুজন বা পাঁচজন ভালো কাজ করলেন না । হয়ত একটু ভুল করলেন। তার জন্য সকলকে দায়ী করা ঠিক নয়।