চট্টগ্রামের বন্যাদুর্গত এলাকার সার্বিক পরিস্থিতি সংসদে তুলে ধরে স্থায়ী সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাঁশখালী, সাতকানিয়া ও লোহাগাড়ার মানুষ বন্যার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রায় চারটি বিভাগে মানুষ বন্যার কষ্টে দিন কাটাচ্ছে। আপনাদের এলাকার জনপ্রতিনিধি সংসদে এলাকার দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। আজ আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, সামান্য সহযোগিতা করার চেষ্টা করেছি। সংসদে ফিরে সরকারকে সবকিছু অবহিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেব, ইনশাআল্লাহ।
তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষের প্রতি তিনি বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।
এর আগে তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলেন।
চট্টগ্রাম সফরে তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম।