জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত আরো ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। মঙ্গলবার (২০ মে) বাংলাদেশ বিমানের বিজি ৩৮৮ ফ্লাইটে তাদেরকে থাইল্যান্ডে পাঠানো হয়। সেখানকার একটি হাসপাতালে পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন আহতরা।
আহত সাতজনের মধ্যে ১ জন ঢাকা মেডিকেলে, ১ জন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, ৩ জন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে আর ২ জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিএমইউর আব্দুল জব্বারের মূত্রথলির পাশে এখনো বুলেট আছে। সিএমএইচের আশরাফুলের শরীরের ওপর থেকে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ প্যারালাইজড হয়ে গেছে। নিউরো সায়েন্সের তরুণের বাম পা প্যারালাইজড হয়ে গেছে। বাকিরা সবাই নার্ভের ইনজুরির ফলে স্বাভাবিক চলাচলের সক্ষমতা হারিয়েছেন।
সকাল সাড়ে আটটায় আহতদের অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নিয়ে আসা হয়। তাদেরকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব ডা. মো. জহিরুল ইসলাম, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীমা সুলতানা।
এ নিয়ে জুলাই অভ্যুত্থানে আহত ৪৭ জনকে বিদেশে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেকেই উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরে এসেছেন। আগামীতে আরো ২০ জনের অধিক আহতকে পাঠানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।