সরকার বন ও বন্যপ্রাণী সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ। তাই গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুর ঘটনায় কারো ইন্ধন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
আজ রোববার বিকেলে সাফরি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান। এ সময় ১১টি জেব্রা, বাঘ ও সিংহ মৃত্যুর ঘটনায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে আহ্বায়ক পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, কমিটির প্রতিবেদনের জন্য ১০ কার্যদিবস সময় বেধে দেয়া হয়েছে। সে তদন্ত প্রতিবেদনে কারো বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়া এ ঘটনায় কারো ইন্ধন থাকলে তাদেরও খুঁজে বের করবে এ তদন্ত কমিটি।
তিনি আরো বলেন, ইতোমধ্যেই মৃত্যুর কারণ অনুসন্ধানে মৃতদেহের অঙ্গপ্রত্যঙ্গ বিভিন্ন পরীক্ষাগারে পাঠানো হয়েছে। বিশেষজ্ঞ ব্যক্তিগণ ফলাফল বিশ্লেষণ করছেন। জেব্রাগুলোর এ ধরনের মৃত্যু প্রতিরোধে মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাফারি পার্ক কর্তৃপক্ষ দেশের বাইরে অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। এ কাজে সিআইডি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতা করবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে এরই মধ্যে পার্ক ব্যবস্থাপনার সঙ্গে জড়িত তিন কর্মকর্তাকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, একই মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব ইকবাল আবদুল্লাহ, সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক মো. আনিছুর রহমান, পার্ক প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিম, পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম।