বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী গাড়ির ধাক্কায় আহত নারী পথচারী ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
আজ সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় মোকামতলা–জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ঢাকা থেকে দুইদিনের সরকারি সফরে জয়পুরহাটের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী। তার গাড়ির সামনে পুলিশের একটি গাড়ি ছিল। সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর এলাকায় পৌঁছলে এক নারী পথচারী হঠাৎ গাড়িটির সামনে চলে আসেন। তিনি সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। ওই নারীকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান এবং সড়কের পাশের ধানক্ষেতে নেমে যায় গাড়িটি। এ ঘটনায় ওই নারী গুরুতর আহত হন। অন্যদিকে হাঁটু ও দুই পায়ে ব্যাথা পান প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। প্রতিমন্ত্রীর স্ত্রী সুস্থ থাকলেও দুর্ঘটনায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন এবং গাড়ি চালকও আহত হয়েছেন। পরে তারা জয়পুরহাটের উদ্দেশে রওনা হন।
প্রতিমন্ত্রী আব্দুল বারী জানান, ওই নারী হঠাৎ করে সড়কে চলে আসেন। কিছু বোঝার আগেই দুর্ঘটনা ঘটে যায়। তার জন্য কষ্ট হচ্ছে। রাস্তা থেকে গাড়ি ফসলের মাঠে ছিটকে গিয়ে পড়ে। পরে স্থির হলে বুঝতে পারি হাঁটু ও দুই পায়ে প্রচন্ড ব্যাথা হচ্ছে।
জয়পুরহাট জেলার কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর গাড়ির জয়পুরহাটে আসার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে উদ্ধার করা হয়।
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, আহত ফিরোজা বেগমকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।