১৫ শতাংশ বেতন বাড়ানোর দাবি

আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি ১৫ কারখানায় ছুটি

বাৎসরিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আশুলিয়ায় কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।

বাৎসরিক বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে আশুলিয়ায় কর্মবিরতি পালন করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকালের জন্য ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

পুলিশ ও শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে বাৎসরিক বেতন ১৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি অর্জিত ছুটির বকেয়া প্রতি মাসে পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন শ্রমিকরা । এসব দাবির পাশাপাশি নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা করারও দাবি জানান তারা।

গতকাল সকাল ৯টার দিকে প্রথম কর্মবিরতি শুরু করেন নরসিংহপুর এলাকার নাসা গ্রুপের শ্রমিকরা। এরপর দুপুরে কর্মবিরতিতে যান একই এলাকার নিউ এইজ, শারমিন ও হা-মিম গ্রুপসহ আরো বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় তারা বাৎসরিক বেতন ও ভাতা ১৫ শতাংশ বাড়ানোর পাশাপাশি ছুটির বকেয়া টাকা ডিসেম্বরের মধ্যে পরিশোধের দাবি জানান। শ্রমিকদের বুঝিয়ে কাজে ফেরাতে ব্যর্থ হয়ে গতকালের জন্য কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সময় বন্ধ কারখানা খুলে দেয়াসহ তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেয়ার দাবি জানিয়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের অবস্থান নেয়ার চেষ্টা করেন শ্রমিকরা। পরে শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন।

শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের দাবির মুখে সরকার ১৫ শতাংশের জায়গায় ৯ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর পরও কেন শ্রমিকরা আন্দোলন করছেন, এটি আসলে তারাও বুঝতে পারছেন না। একবারে তো সবকিছু চাইলেই পাওয়া যায় না। মালিকদের বিষয়গুলোও ভাবতে হবে। তাই যে দাবি মানা হয়েছে, সেটি মেনে নিয়ে শ্রমিকদের কাজে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বার্ষিক ছুটির টাকা, বকেয়া বেতন পরিশোধ, বেতন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে সকাল থেকে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি শুরু করেন। পরে ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে বাড়িতে চলে যাওয়ায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আরও