বগুড়ার কাহালুতে আগুনে পুড়ে মা ও মেয়ে নিহত

বগুড়ার কাহালু উপজেলায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন সোনিয়া খাতুন (৩০) ও তার মেয়ে মেহা মণি (১০)।

উপজেলার নারহট্ট গ্রামের মো. নিজামের স্ত্রী ছিলেন সোনিয়া খাতুন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোনিয়া খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। কিছুদিন ধরে মেয়েকে নিয়ে শিকড় গ্রামে বাবা আব্দুল মান্নানের বাড়িতে বসবাস করছিলেন তিনি। গতকাল সকালে সোনিয়ার মা ও ভাবী বাড়ির উঠানে রান্না করছিলেন। এমন সময় সোনিয়ার ঘরে আগুন দেখতে পান তারা।

খবর পেয়ে প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘরেই আগুনে পুড়ে মারা যান সোনিয়া খাতুন। তার মেয়েকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, যে ঘরে আগুন ধরে সে ঘরে কেরোসিনের গন্ধ পাওয়া গেছে।

ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও