রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক উজোবাজারে (গঙ্গারাম বাজার) আইন-শৃঙ্খলাবাহিনী ও অবরোধকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে রাঙামাটিতে চলছে আধাবেলা অবরোধ। ছাত্র-জনতার সংগ্রাম পরিষদ নামের একটি সংগঠনের ডাকে সকাল থেকে এ অবরোধ শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত চলবে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের কুতুকছড়ি এলাকায় গিয়ে দেখা যায়, সাপছড়ি খামারপাড়া ও কুতুকছড়ি ধর্মঘর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ পালন করছেন আন্দোলনকারীরা। এছাড়া কুতুকছড়ি হাফবাজার থেকে ধর্মঘর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন তারা।
এদিকে, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে সকাল থেকেই কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া রাঙ্গামাটি শহরের অভ্যন্তরীণ সড়কগুলোতে দোকানপাট ও যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলা শহর থেকে বিভিন্ন উপজেলায় নৌপথে ও নৌ চলাচল স্বাভাবিক রয়েছে।
রাঙ্গামাটি-চট্টগ্রাম বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, রাঙ্গামাটি - চট্টগ্রাম রুটে যান চলাচল স্বাভাবিক থাকলেও অবরোধের কারণে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
সাপছড়ি এলাকার বাসিন্দা ফিজিরিক্কি চাকমা বলেন, সকাল থেকে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিশেষ কাজে রাঙ্গামাটি বাজারে যেতে চেয়েছিলাম, কিন্তু গাড়ি না পাওয়ার কারণে যেতে পারিনি।
ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের সভাপতি উষাতন চাকমা বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করতে। তবে আমাদের লোকজনদের বিভিন্ন এলাকায় পিকেটিং করার সময় আইনশৃঙ্খলা বাহিনীরা বাধা প্রদান করছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, সকাল থেকে সাজেক সড়কের বিভিন্ন এলাকায় তৃতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করছে সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে সাজেক-বাঘাইহাট সড়ক, ১০ নম্বর এলাকা ও ১৪ কিলো এলাকাসহ সাজেক সড়কের বিভিন্ন এলাকায় অবরোধ পালন করছে অবরোধকারীরা।
সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, অবরোধ অব্যাহত রয়েছে। যানবাহন চলাচল করছে না। সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে।