প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার খুলনা সফরে তারেক রহমান

অবতরণের পর বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো খুলনা সফর করছেন তারেক রহমান। এ সফরে বাগেরহাটও অন্তর্ভুক্ত রয়েছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানবাহিনীর একটি হেলিকপ্টার আজ সকাল সাড়ে ১০টার দিকে দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

অবতরণের পর বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আগেই নিশ্চিত করা হয়েছে, সফরকালে বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, আজ দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্ন বিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।

বিকালে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। বেলা সোয়া ৩টায় তিনি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখবেন। দিনব্যাপী সরকারি কর্মসূচি শেষে বিকাল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকাল ৫টায় ঢাকায় পৌঁছবেন।

স্থানীয়দের প্রত্যাশা, সুন্দরবন, বন্দর ও অর্থনৈতিক অঞ্চল ঘিরে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়া হলে এ অঞ্চলে বিনিয়োগ বাড়বে, তৈরি হবে নতুন কর্মসংস্থান এবং গতি পাবে স্থানীয় অর্থনীতি।

সুন্দরবন উপকূলীয় এই জনপদ উন্নয়নবঞ্চিত জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মোংলা বন্দরকে কেন্দ্র করে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মোংলাকে দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাব এবং দক্ষিণাঞ্চলকে আঞ্চলিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে এসব উদ্যোগ নেয়া হচ্ছে। মোংলা বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বন্দর পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মধ্য দিয়ে মোংলা বন্দরসহ উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের মানুষের উন্নয়ন করতে হলে এখানে শিল্পায়ন করতে হবে। মোংলা বন্দরের আধুনিকায়ন, বেজা প্রস্তাবিত ইকোনমিক জোন ও সুন্দরবনের পর্যটন—সবকিছু দেখার জন্য প্রধানমন্ত্রী খুলনা সফর করছেন।’

আরও