মিরসরাইয়ে পর্যটক ও অটোরিকশা চালকদের সংঘর্ষে আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে পর্যটকদের সঙ্গে স্থানীয় সিএনজিচালিত অটোরিকশাচালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খৈয়াছড়া ঝরনা সড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর পর্যটকরা প্রায় ২০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয়রা জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থেকে এক দল পর্যটক বাসে খৈয়াছড়া ঝরনায় ঘুরতে আসেন। মহাসড়ক থেকে ঝরনা সড়কে প্রবেশের সময় অটোরিকশা চালকরা পর্যটকবাহী বাসটি প্রবেশে বাধা দেয়। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। পরে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহত পর্যটক বিপ্লব অভিযোগ করে বলেন, ‘বাস নিয়ে প্রবেশের সময় স্থানীয় চালকরা আমাদের ওপর চড়াও হন। এ সময় তারা লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর হামলা চালান। এতে হাসান, সাকিব, সিয়ামসহ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।’

তবে অটোরিকশা চালক আনোয়ার হোসেন বলেন, ‘সড়কটি ছোট হওয়ায় আমরা বড় বাস ঝরনায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছিলাম। কিন্তু তারা তা মানতে রাজি না হয়ে আমাদের ওপর হামলা চালায়। পর্যটকদের হামলায় চালক হোরা মিয়া, গিয়াস উদ্দিন, ফখরুল, পাভেল, কামরুল, আরমানসহ কয়েকজন আহত হয়েছেন।’

এ ব্যাপারে মিরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, ‘পর্যটকদের বাস ঝরনা সড়কে প্রবেশের সময় চালকরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

আরও