দেশে হামের উপসর্গ নিয়ে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচজন। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল প্রকাশিত পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭৭-এ। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ১২৮ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৮৪০ জন।
হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৮৬ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৮৯ জন। এছাড়া চট্টগ্রামে ৯৬, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮২, বরিশালে ৬৩, খুলনায় ৪৭ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
এদিকে মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯২০ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬-তে। ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে মোট ৩২১ জন। এর মধ্যে চলতি মাসের এ পর্যন্ত মারা গেছে ৭৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে আছে ১৭০ জন। এ সময়ে দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হয় ২৪১ জন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪১৩।
অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২৫৪, ময়মনসিংহে ১১৪, রাজশাহীতে ১৭০, রংপুরে ৭০ ও সিলেটে ১৭ জন ভর্তি হয়েছে।