ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৫১২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৪০ জন, ময়মনসিংহে ৫৭, চট্টগ্রামে ১০৯, খুলনায় ৭২, বরিশালে ২১ ও রংপুর বিভাগে ১৩ জন রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৪০ হাজার ৪৪ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে। তবে এ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
আরো জানায়, ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭২৬ জন। আর চলতি বছরের এ পর্যন্ত মোট ৩৭ হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।