অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ‘অর্ণব’

দেশের সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

আগামী কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

এর পাশাপাশি আগামী কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ সকালে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে। বর্তমানে এটি অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে পারে।

এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচদিন তথা ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩ মিনিটে।

আরও