খাগড়াছড়ির সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশ ইন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) ভোরে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের পুশ ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তারা এখন বিজিবি হেফাজতে আচালং ডিপি পাড়া প্রাথমিক বিদ্যালয়ে রয়েছেন।
ভোরের দিকে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে বিজিবিকে খবর দেন। পুশ ইন হওয়াদের মধ্যে রয়েছে নারী, পুরুষ ও শিশু। পরে বিজিবি গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতরা জানান, কাজের জন্য তারা পরিবারসহ ভারতে গিয়েছিলেন। পরে ভারতের হরিয়ানা রাজ্য থেকে তাদের গ্রেফতার করে মাটিরাঙার তাইন্দং সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন, শুক্রবার ভোর থেকে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী তাদেরকে পুশ ইন করে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। পরিচয় শনাক্তের কাজ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির রামগড়, মাটিরাঙা, পানছড়ির লোগাং সীমান্ত দিয়ে প্রায় শতাধিক জনকে পুশ ইন করেছে বিএসএফ।