প্রথমবারের মতো নারী সংসদ সদস্য পেল সিলেট বিভাগ। সিলেট-২ আসনে নির্বাচিত হয়েছেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট পেয়েছেন তিনি।
বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে লুনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। তিনি পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট।
সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম গত রাতে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।
২০১২ সালের ১৭ এপ্রিল এম ইলিয়াস আলী ‘নিখোঁজ’ হবার পর থেকে এ আসনটিতে আলোচনায় ছিলেন তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
লুনার দাবি, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে।
শুরুতে লুনার প্রার্থীতা নিয়ে দলের মধ্যে কিছুটা বিভাজন থাকলেও পরে তার পক্ষে নির্বাচনী প্রচারে ঐক্যবদ্ধ ছিলেন নেতা-কর্মীরা।
এ আসনে জামায়াত জোটের মুনতাসির আলী ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমির উদ্দিন (হাতপাখা) ১৪০৮, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) ১৪২০ এবং গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য) ৬৩৭ ভোট পেয়েছেন।