অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী বলেন, এসব সুবিধা দেয়ার ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক পরিচয় কিংবা সমতল ও পাহাড়ি এলাকার পার্থক্য বিবেচনা করা হচ্ছে না। দেশের নাগরিক হলেই এসব সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ সমাজের প্রতিটি মানুষের চাহিদাকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক পরিচয় কিংবা ভৌগোলিক অবস্থান বিবেচনা না করে সব নাগরিকের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করে অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে চান বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না।

আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে ‘ন্যাভিগেটিং ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর অ্যাচিভিং এসডিজিস: পলিসি, পার্টনারশিপ অ্যান্ড প্রায়োরিটি’ শীর্ষক জাতীয় সম্মেলনের ‘ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এফওয়াইএসএফ অ্যান্ড এসডিজিস’ বিষয়ক প্লেনারি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাগুলো (এসডিজি) বিএনপির ৩১ দফা ও নির্বাচনী ইশতাহারে অন্তর্ভুক্ত রয়েছে। সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে এসব লক্ষ্য অর্জনে কাজ করা হচ্ছে।

সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিদ্যালয়ে ‘মিড ডে মিল’, পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং কৃষকের জন্য সার-বীজ ও ঋণের সহজলভ্যতা নিশ্চিত করতে ‘কৃষি কার্ড’ চালু করা হয়েছে।

পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও নারীদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী প্রাথমিক মূলধন ও সহায়ক সরঞ্জাম দিয়ে সরকার সহায়তা করছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এসব সুবিধা দেয়ার ক্ষেত্রে ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক পরিচয় কিংবা সমতল ও পাহাড়ি এলাকার পার্থক্য বিবেচনা করা হচ্ছে না। দেশের নাগরিক হলেই এসব সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ সমাজের প্রতিটি মানুষের চাহিদাকে সরকার সমান গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে আলোচকরা ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন ও অধিকার ক্ষুণ্ন না করে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণে টেকসই উন্নয়ন নীতি গ্রহণের আহ্বান জানান। আলোচনায় জলবায়ু পরিবর্তন, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশুসহ বিভিন্ন বিষয় উঠে আসে। একপর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মন্ত্রী ও আমন্ত্রিত অতিথিরা।

সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও শ্রমবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। সম্মানিত অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিমা রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা এবং সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ।

এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও