সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, পদ্মার চরে মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য পূরণে প্রয়োজনে চর এলাকায় যৌথ প্রক্রিয়ার মাধ্যমে সম্মিলিত অভিযান পরিচালনা করা হবে। গতকাল নাটোরের লালপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘অপার সম্ভাবনাময় পদ্মার চর কৃষি, মৎস্য, পশুপালনসহ মানুষের জীবন ও জীবিকার উৎসভূমি। এ পদ্মার চরে বসবাসকারী ব্যক্তিদের শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করতে যৌথ প্রক্রিয়ার মাধ্যমে চরের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।’
তিনি আরো বলেন, ‘চরে অবৈধ পন্থায় বালি উত্তোলন যেন না হয়, সে ব্যাপারে কঠোর প্রশাসনিক তদারকি চলবে। পাশাপাশি আন্তঃজেলার সব আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযান পরিচালনার কথাও আমরা বিবেচনা করছি।’
এর আগে প্রতিমন্ত্রী লালপুর উপজেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভা শেষে প্রশিক্ষণ কেন্দ্রের জলাশয় এবং লালপুর উপজেলা পরিষদের অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে। এক্ষেত্রে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে সারের চাহিদা এবং সরবরাহের মধ্যে পূর্ণ ভারসাম্য বিরাজ করছে। মজুদদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির সব অপচেষ্টা রোধ করতে প্রশাসন ও কৃষি বিভাগের মনিটরিং এবং অভিযান অব্যাহত আছে। আর শুধু সারই নয়, সরকার প্রদত্ত সব সুবিধা সংশ্লিষ্ট সুবিধাভোগী ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’
সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আবীর হোসেন।
এরপর দুপুরে বাগাতিপাড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এরপর তিনি লালপুর, বাগাতিপাড়া ও বড়াইগ্রাম উপজেলায় বিভিন্ন সরকারি উন্নয়ন কার্যক্রমের কর্মসূচিতেও যোগদান করেন।