দর্শনার্থীদের আগমন ও ভ্রমণের জন্য সুন্দরবনের পর্যটন শিল্প খোলার দাবিতে মোংলায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সুন্দরবন পর্যটন ব্যবসায়ী-কর্মচারীরা। গতকাল সকালে পৌর শহরের মামার ঘাটসংলগ্ন মোংলা নদীর পাড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সুন্দরবনের পর্যটন শিল্পে সম্পৃক্ত শত শত নৌযান মালিক ও কর্মচারী অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন পর্যটন ব্যবসায়ী খায়রুল ইসলাম খোকন, মো. মিজানুর রহমান, এমএ কাদের, রূপম খাঁন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনা বিধিনিষেধ এবং পরিবেশের সুরক্ষা নিয়মকানুন মেনেই পর্যটন ব্যবসা পরিচালনা করা হবে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মার্চ থেকে সুন্দরবনে পর্যটক ও নৌযান চলাচল বন্ধ করে দেয় বন বিভাগ। ফলে দীর্ঘ ছয় মাস ধরে এ পর্যটন শিল্পে জড়িত ৫০টি লঞ্চ, সাড়ে ৩০০ জালিবোট ও ১৫০ ট্রলারের প্রায় পাঁচ হাজার মালিক ও কর্মচারী বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
মানববন্ধন থেকে সুন্দরবনের ওপর নির্ভরশীল পর্যটন ব্যবসায়ী ও কর্মচারীরা দ্রুত সুন্দরবন খুলে দেয়ার জন্য বন বিভাগসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেন, দেশের বিভিন্ন স্থানের পর্যটন কেন্দ্র এরই মধ্যে খুলে দেয়া হলেও ব্যতিক্রম সুন্দরবনের ক্ষেত্রে। আমরা ব্যবসায়ী-কর্মচারীদের দাবি, অচিরেই সুন্দরবন খুলে দেয়া হোক, তা না হলে আমাদের পথে বসতে হবে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা পেলেই পর্যটকদের জন্য অবশ্যই সুন্দরবন খুলে দেয়া হবে।