সুন্দরবনে গুলিতে বনজীবীর মৃত্যু ঘিরে উত্তেজনা পাল্টাপাল্টি মামলা

কাঁকড়া শিকার করতে সুন্দরবনে গিয়ে বনরক্ষীদের গুলিতে আমিনুর রহমান নামে এক বনজীবী জেলের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলে উত্তেজনা ছড়িয়েছে।

নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের বাসিন্দা। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিহতের পরিবার ও বন বিভাগের মধ্যে পাল্টাপাল্টি মামলার ঘটনা ঘটেছে।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, আমিনুরের ভাতিজা অলিউল্যাহ বাদী হয়ে বন বিভাগের নলিয়ান ফরেস্ট স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন ও পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামীম রেজাসহ অজ্ঞাতনামা ৯-১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন দাবি করেছেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সেটি সুন্দরবনের নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা ছিল, যেখানে বন বিভাগের ‘স্মার্ট টহল টিম’ দায়িত্ব পালন করছিল।

এদিকে বনরক্ষীদের ওপর হামলা ও সরকারি কাজে বাধার অভিযোগে বন বিভাগের পক্ষ থেকেও একটি মামলা করা হয়েছে। বন বিভাগের শরবতখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের স্মার্ট টহল টিমের নেতা মোক্তাদির রহমান মামলাটি করেন। তদন্তের স্বার্থে আসামিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

মামলার বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, ‘বনরক্ষীদের ওপর হামলা ছাড়াও সাতক্ষীরা রেঞ্জ কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় আরেকটি মামলার প্রস্তুতি চলছে।’

আরও