বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। আজ বৃহস্পতিবার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস মুকসেদুর রহমান আবির এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ বোধ করলে রফিকুল ইসলাম মিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সে সময় তার পরিবারের সদস্যরা জানান, কয়েকবার বমি হওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
২০১৮ সাল থেকে বার্ধক্যজনিত নানা জটিলতায় গুরুতর অসুস্থতার কারণে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া শয্যাশায়ী রয়েছেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দেশের একজন প্রবীণ রাজনীতিক ও আইনজীবী। ২০০৭ সালে এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে, তার পক্ষে আইনজীবী হিসেবে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।