আমলাদের সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে: স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, ‘দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ।

কারণ প্রতিটি জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করে থাকেন। বিগত ১৬ বছরের আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসনামলে নির্বাচন ব্যবস্থা ছিল নজিরবিহীন দুর্নীতি ও ত্রুটিপূর্ণ। জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সামগ্রিক নির্বাচন প্রক্রিয়াকে অবাধ ও সুষ্ঠু করতে জেলা প্রশাসকরা সুদৃঢ় ভূমিকা রাখতে পারেন। গণতন্ত্রকে অর্থবহ করতে রাষ্ট্রের ব্যুরোক্রেসিকে সঠিক ভূমিকা পালন করতে হবে। আগামী দিনগুলোয় আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’

তিনি গতকাল জাতীয় সংসদের শপথ কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত ‘জেলা প্রশাসক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া স্বাগত বক্তব্য দেন। জেলা প্রশাসকদের পক্ষ থেকে বক্তব্য দেন রাঙ্গামাটি জেলার জেলাপ্রশাসক নাজমা আশরাফী, বগুড়ার জেলাপ্রশাসক মো. তৌফিকুর রহমান ও রাজশাহীর বিভাগীয় কমিশনার এএনএম বজলুর রশীদ। ধন্যবাদসূচক বক্তব্য দেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

স্পিকার এ সময় বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় শেষে ফটোসেশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনারসহ জাতীয় সংসদ সচিবালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও