বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দীর্ঘ ১৭ বছর আমরা একটি বৃত্তের মাঝে আবদ্ধ ছিলাম। সুন্দর সমাজ গঠনের জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একইসঙ্গে সমাজ থেকে সন্ত্রাস, মাদক ও সব অপকর্মকে পরিহার করতে হবে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে আয়োজিত হামদ নাত ও গজল প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, স্কুল-কলেজ ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে সামাজিক সংগঠন ভ্যানগার্ড যে উদ্যোগ নিয়েছে, তা সমাজ ব্যবস্থাকে পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে। বর্তমান প্রজন্মের অনেক শিক্ষার্থী মাদকের প্রভাবে ক্ষতিগ্রস্ত। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপকর্ম সমাজকে একটি ট্রমায় ফেলে দিয়েছে। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে সামাজিক আন্দোলনের প্রয়োজন। এক্ষেত্রে ভ্যানগার্ড আমাদেরকে দিকনির্দেশনা দেখাচ্ছে।
অনুষ্ঠানটি ‘ভ্যানগার্ড’ এর প্রতিষ্ঠাতা নেছার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
ছাত্রদল নেতা আকবর হোসেন মুন্না ও রোকন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মঞ্জুরুর রহমান, চর মটুয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আহমেদ আবু তাহের, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদল হাসান লিংকন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিমসহ আরো অনেকে।