কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ মন্তব্যকে ‘ঢালাও অভিযোগ’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গতকাল দিবাগত মধ্যরাতে রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের ব্রাউন ফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘটনায় বিএনপির লোকজনকে দায়ী করে চাঁদাবাজির অভিযোগ করেন।
সালমানের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যিনি ফেসবুকে লাইভে এসে অভিযোগটা করছেন, সে ভদ্রলোক (সালমান মুক্তাদির) কি কোনো মামলা করেছেন? করেননি।
তিনি বলেন, সালমান নিজেই বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি। চাঁদা চাইলে তিনি দিতেন। তাই সুনির্দিষ্টভাবে কার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে, তা এখনো চিহ্নিত করা যায়নি। সালমান সুনির্দিষ্ট অভিযোগে মামলা করলে তা তদন্ত করে দেখা হবে। এবং তিনি (সালমান) তার পরে বলছেন, বিএনপি চাঁদাবাজ দল। এটা ঢালাও অভিযোগ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনায় তিনি ভুক্তভোগী হয়েছেন, সেটা আমরা দেখেছি। আমরা একটি প্রাথমিক তদন্ত করেছি। এটা খুবই সংক্ষিপ্ত। আরো বিস্তারিত তদন্ত করতে হবে।
তিনি জানান, এ ঘটনায় মামলা ও জিডির আইনগত প্রক্রিয়া চলছে এবং শিগগিরই মামলা হতে পারে।
সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে কয়েকজনকে আটক করা হয়েছে এবং গুলির খোসা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় পরবর্তী অগ্রগতি পরে জানানো হবে।