মেহেরপুর সদর উপজেলার কোলা গ্রামে বাড়ির গেটের ছাদ পড়ে সোহাগ হোসেন (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সোহাগ কোলা গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, সোহাগ বাড়ির সীমানাপ্রাচীরে উঠে পেয়ারা পাড়ছিলেন। পেয়ারা পাড়া শেষ করে প্রাচীর থেকে নামার সময় গেটের ছাদ ধরে নামতে যান তিনি। এ সময় ছাদটি ভেঙে তার শরীরের ওপর পড়ে।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় সোহাগকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
এরপর সোহাগকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। পথে গাংনী হাসপাতাল বাজারে পৌঁছালে তার অবস্থার আরো অবনতি হয়। তখন তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান জানান, সোহাগকে মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পথে তার অবস্থার অবনতি হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।