গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় দুই আরোহী নিহত হয়েছেন। ঢাকা-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শিয়ালগাড়া (তরককামাল) এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পাছগছি বাজার এলাকার নজরুল মিয়ার ছেলে লিমন (২৮) এবং কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া এলাকার শাহীন আলমের ছেলে রুবেল (২৯)।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকাল ৮টার দিকে মহাসড়কে বিকট শব্দ শুনে তারা ঘটনাস্থলে যান। সেখানে সড়কের দুই পাশে দুই আরোহীকে মোটরসাইকেলসহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তাদের পরিবারকে খবর দেন।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকালে দুর্ঘটনার পর দুই মোটরসাইকেল আরোহীকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকেরা তাদের বগুড়ায় স্থানান্তর করেন। পরে তাদের পরিবারের সদস্যরা দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।