খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৬১২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
আজ রোববার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার ফেরদৌসী আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া যশোরে সাত জন, খুলনা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গায় দুজন করে, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুরে একজন করে মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ বিভাগের চুয়াডাঙায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এদিন থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৪৯৪ জন। এদের মধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন দুইহাজার ৬৫৭ জন। এ সময়ে সুস্থ হয়েছেন ৭৮ হাজার ৩৫৯ জন।
গতকাল শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে ৩৯ জনের মৃত্যু ঘটে। একই সময়ে ৪২৮ জনের করোনা শনাক্ত হয়। বিভাগে মৃত্যু সংখ্যায় শীর্ষে আছে খুলনা। এ জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭৭ জন।