গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন— ওই গ্রামের মহিদুল ইসলামের ছেলে মোরসালিন মিয়া (৫) ও একই গ্রামের নাহিদ ইসলামের ছেলে মমিন মিয়া (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিদুল ইসলামের বাড়ির পাশের একটি পুকুর পাড়ে মোরসালিন, মমিন ও মাহি খেলছিল। এরই এক পর্যায়ে মোরসালিন ও মমিন পুকুর পাড় হতে পুকুরের মধ্যে পড়ে যায়। সাঁতার না জানায় ওই দুই শিশু পানিতে ডুবে যায়। অপর শিশু মাহির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করে।
চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মোস্তফা মাসুম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। তিনি দুঃখ প্রকাশ করেন এবং ওই দুই শিশুর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি এ ঘটনা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ওই দুই শিশুর দাফনের ব্যবস্থা করা হয়েছে।