জঙ্গিবাদের
সঙ্গে জড়িত কোনো প্রবাসী বাংলাদেশীকে দেশে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল বিকালে সিলেট নগরীর মানিকপীর টিলা
এলাকার একটি কমিউনিটি সেন্টারে
‘মোয়াজ্জেম ফাতেমা
ট্রাস্টের’ বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী
ড. এ কে আব্দুল মোমেন বলেন, শুধু শামীমা নয়, জঙ্গিবাদের সঙ্গে জড়িত কাউকেই এ দেশে ঢুকতে দেয়া হবে না।
মন্ত্রী বলেন, আইএসের সঙ্গে জড়িত ব্রিটিশ নাগরিক শামীমাকে বাংলাদেশ গ্রহণ
করবে না। তার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। শামীমাকে নিয়ে ব্রিটিশ সরকারের
মাথাব্যথা, বাংলাদেশের নয়। তার মা-বাবাও ব্রিটিশ নাগরিক। সে কখনই এ দেশে আসেনি।
উল্লেখ্য, শামীমা বেগম সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দেয়ার পর তার
নাগরিকত্ব বাতিল করে ব্রিটিশ সরকার। এর বিরুদ্ধে চ্যালেঞ্জ করলে সম্প্রতি
ব্রিটেনের আদালত তার নাগরিকত্ব বাতিলের পক্ষে রায় দেন এবং বাংলাদেশে নাগরিকত্ব
চাওয়ার পরামর্শ দেন।
নভেল
করোনাভাইরাসে আক্রান্ত দেশ চীনে অবস্থানরত বাংলাদেশী শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে
আনা প্রসঙ্গে ড. মোমেন বলেন,
চীনে অবস্থানরত কোনো
বাংলাদেশী এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে আরো তথ্য
সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। সে দেশে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশী শিক্ষার্থীদের
পর্যায়ক্রমে দেশে আনার ব্যবস্থা করা হবে।
রোহিঙ্গাদের
পুনর্বাসন প্রশ্নে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হওয়ার দিকে ইঙ্গিত করে
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভাসানচরের পরিবেশ অনেক সুন্দর। সেখানে রোহিঙ্গা
না পাঠিয়ে বিকল্প কিছু ভাবা উচিত।
এ সময় অন্যদের
মধ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন উপস্থিত ছিলেন।