নির্বাচনে ক্রীড়াঙ্গনের যারা জয় পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন ক্রীড়াঙ্গনের সঙ্গে অতীতে ও বর্তমানে সংশ্লিষ্ট অনেকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন ক্রীড়াঙ্গনের সঙ্গে অতীতে ও বর্তমানে সংশ্লিষ্ট অনেকে। তাদের মধ্যে আছেন সাবেক খেলোয়াড়, সংগঠক ও মন্ত্রী।

সাবেক খেলোয়াড় ও সংগঠকরা অনেকেই বিএনপির ধানের শীষ, কেউ স্বতন্ত্র কিংবা অন্য প্রতীকে লড়েছেন এবারের নির্বাচনে। এবারের নির্বাচনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ঢাকা-১৬ আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। তিনি ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়ক বিগত আওয়ামী লীগের সময় থেকে রাজপথে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার ওপর আস্থা রেখে সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছিল বিএনপি। যদিও নির্বাচনে হেরেছেন তিনি।

আমিনুল হারলেও জিতেছেন আরেক সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ফিফার ডিসিপ্লিনারি কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন, বীর বিক্রম। তিনি ভোলা-৩ আসনে ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসন থেকে জয় পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির সাবেক সদস্য সচিব।

এছাড়া ক্রীড়াঙ্গনের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জয়লাভ করেছেন সাবেক ক্রীড়ামন্ত্রী মির্জা আব্বাস (ঢাকা-৮), সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী (মাগুরা-২), বিসিবির সাবেক সভাপতি আলী আসগর লবি (খুলনা-৬), সাবেক ভলিবল খেলোয়াড় এহছানুল হক মিলন (চাঁদপুর-১) প্রমুখ।

এছাড়া ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বের মধ্যে জয় পেয়েছেন কিশোরগঞ্জ-৬ আসন থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সহসভাপতি শরিফুল হক, কুমিল্লা-৬ থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক কর্মকর্তা মনিরুল হক চৌধুরী, মুন্সিগঞ্জ-৩ আসন থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সদস্য কামরুজ্জামান রতন।

সিরাজগঞ্জ-২ আসনে দেশের অন্যতম ঐতিহ্যবহুল ও শীর্ষ ক্লাব আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ঢাকা-৬ আসনে ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইশরাক হোসেন, নোয়াখালী-৩ আসনে বিসিবির সাবেক পরিচালক বরকত উল্লা বুলু, নরসিংদী-১ আসনে ভিক্টোরিয়া ক্লাবের সভাপতি খায়রুল কবির খোকন, নারায়ণগঞ্জ-২ আসনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ঢাকা ক্যাপিটালসের মালিক নজরুল ইসলাম, জামালপুর-১ আসনে সাবেক বিসিবি পরিচালক রাশেদুজ্জামান মিল্লাত, চাঁদপুর-৩ আসনে আরামবাগ ক্রীড়া চক্রের সাবেক সভাপতি শেখ ফরিদউদ্দিন আহমেদ, পঞ্চগড়-২ আসনে বাফুফের কাউন্সিলর ফরহাদ হোসেন, জামালপুর-৫ আসনে বাফুফে কাউন্সিলর শাহ্ মো ওয়ারেস আলী মামুন, ঢাকা-৯ আসনে দিলকুশা ক্লাবের সভাপতি হাবিবুর রশীদ হাবিব ও চট্টগ্রাম-৫ আসনে বিসিবির কাউন্সিলর মীর মোহাম্মদ হেলাল উদ্দীন মীর জিতে সংসদে যাচ্ছেন।

আরও