লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ সময় শতাধিক প্লাস্টিকের চেয়ার, বাসার জানালার কাচ ভাংচুর ও সিসি ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। গতকাল বিকালে উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রামের সেলিমের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, তারা শুধু সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এলডিপি ও বিএনপির জোটগত কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটেছে।
শাহাদাত হোসেন সেলিমের ভাষ্য মতে, ঘটনার সময় করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম হোসেনের নেতৃত্বে ৩০-৪০ জন লোক মোটরসাইকেলযোগে এসে এ হামলা-ভাংচুর করে। তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছিলেন। এ সময় বাসার জানালার কাচ ও শতাধিক প্লাস্টিকের চেয়ার ভাংচুর করে হামলাকারীরা। এ সময় তারা ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকাল ৩টার দিকে এলডিপি সেলিমের বাড়িতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় হঠাৎ তসলিমের নেতৃত্বে মোটরসাইকেল বহর এসে অতর্কিত কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে আতঙ্ক সৃষ্টি করে।
আওয়ামী লীগ নেতা তসলিম হোসেন বলেন, ‘আমরা প্রতিবাদ মিছিল করেছি, সেলিমের বাড়িতে হামলা করিনি। জোটগত কোন্দলের কারণেই বিএনপি নেতা ভিপি রহিম ও সাহাবুদ্দিন তুর্কির লোকজন সেলিমের বাড়িতে হামলা করেছে। এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তার তদন্ত চলছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি থেকে জোটগত কারণে এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিম আলোচনায় রয়েছেন। এর আগে গত ৪ নভেম্বর রাতে দুর্বৃত্তরা সেলিমের বাড়িতে হামলা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।