ফেনীতে বন্যা: পরিস্থিতির উন্নতি হতে পারে আগামী ৭২ ঘণ্টায়

ফেনী জেলার সেলোনিয়া ও মুহুরি নদীর পানির সমতল নামছে এবং বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টায় এ দুই নদীর পানির সমতল আরো কমতে পারে ও জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। এই অববাহিকায় আগামী তিনদিন মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে নদীগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী তিনদিন নদীগুলোর পানির সমতল হ্রাস পেতে পারে। এই অববাহিকায় আগামী তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া সুরমা ও কুশিয়ারা নদীর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। তবে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আগামী দুইদিন এই নদীগুলোর পানির সমতল হ্রাস পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকায়ও আগামী তিনদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

গঙ্গা-পদ্মা নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে এ দুই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী পাঁচ দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের হালদা, গোমতী, ফেনী, সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে যা আগামীকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে তৃতীয় দিন বৃদ্ধি পেতে পারে। এই অববাহিকায় আগামী তিন দিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামীকাল স্থিতিশীল থাকতে পেতে পারে এবং পরবর্তী ৪ দিন পানির সমতল হ্রাস পেতে পারে ও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে। এই অববাহিকায় আগামী ৫ দিন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের চট্টগ্রাম ও ঢাকা বিভাগে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে।

দেশের বিভিন্ন নদ-নদীর ১২৭টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৮০টি পয়েন্টে পানি সমতল বৃদ্ধি, ৪৪টিতে হ্রাস পেয়েছে ও ৩টি স্টেশনে অপরিবর্তিত রয়েছে।

আরও