বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা তার লোকদের ফেলে দিল্লিতে চলে গেছে। আপনারা চিন্তা করবেন না, আমরা সে বিপদ থেকে আপনাদের উদ্ধার করব। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আর যারা অন্যায় করেনি, সাধারণ মানুষ, আমরা তাদের বুকে টেনে নেব।
বুধবার (২৮ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানী বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নৌকা না থাকলেও আমাদের একটি প্রতিপক্ষ দল রয়েছে, সেটি হলো দাঁড়িপাল্লা। বিএনপি একটি পরীক্ষিত দল। আর আমি আপনাদের ব্যক্তিগতভাবে পরিচিত লোক। দীর্ঘদিন আপনাদের সঙ্গে কাজ করেছি, কখনো আপনাদের ছেড়ে যাইনি। আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য আমি কাজ করব।
তিনি আরো বলেন, আমাদের নতুন নতুন কলকারখানা তৈরি করতে হবে। মানুষের চিকিৎসার জন্য ভালো হাসপাতাল তৈরি করব। এটা আমার শেষ ভোট, আমার জীবনের শেষ নির্বাচন। এ শেষ ভোটে আপনারা আমাকে সমর্থন করে ধানের শীষে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিবেন।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।