২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে সাশ্রয়ী, বুদ্ধিদ্বীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ হিসেবে নির্মাণ করতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এমন মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্কে একটি সিনেপ্লেক্স উদ্বোধন করার সময় এসব কথা বলেন তিনি।
পলক বলেন, ‘সজীব ওয়াজেদ জয় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চারটি মাইলফলক চিহ্নিত করে দিয়েছেন। যেগুলো হলো— স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে একটি উদার প্রগতিশীল অসাম্প্রদায়িক প্রজন্ম গড়ে তোলার জন্য আমাদের প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব। সেই কাজটি এগিয়ে নিতে এই শিক্ষানগরীকে সিলিকন নগরীতে পরিণত করার জন্য ২০১৬ সালে শেখ হাসিনা রাজশাহীতে একটি হাইটেক পার্ক স্থাপনের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় এই বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক।’
প্রতিমন্ত্রী বলেন, ‘হাইটেক পার্কে রয়েছে ১০তলা বিশিষ্ট জয় সিলিকন টাওয়ার এবং এর পাশে রয়েছে ৪তলা বিশিষ্ট শেখ কামাল আইটি ট্রেনিং স্পেশাল সেন্টার। এখানে একজন উদ্যোক্তা সফটওয়্যার ডেভেলপিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে রাজশাহীর মাটিতে বসে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার বড় বড় কোম্পানিতে কাজ করছেন, সেখান থেকে প্রচুর আয় হচ্ছে।
সজীব ওয়াজেদ জয়ের স্বপ্ন তথ্য প্রযুক্তিখাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা মন্তব্য করে তিনি বলেন, ‘সফটওয়্যার-হার্ডওয়্যার মিলিয়ে আমাদের প্রতি বছর ১ দশমিক ৪ মিলিয়ন ডলার আয় হয়। আমাদের প্রায় ৩০ লক্ষাধিক তরুণ-তরুণী আইসিটি সেক্টরে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। তবে আমরা এখানেই থেমে যাব না। আমাদেরকে আরো সুযোগ-সুবিধা তৈরি করতে হবে।’