রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়কের পাশ থেকে নূর ইসলাম নামের পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা পুলিশের।
নিহত এসআই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় গত এক মাস আগে যোগ দেন। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, নিহত এসআইয়ের বাড়ি যশোরের অভয়নগর উপজেলায়। গত মাসে গোদাগাড়ি থানা থেকে এ থানায় যোগ দেন তিনি। কয়েক দিন ধরে তিনি ছুটিতে ছিলেন বলে জানান ওসি।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ১২টার দিকে গোদাগাড়ী-আমনুরা আঞ্চলিক সড়কের বিশ্বনাথপুর কাজীপাড়া এলাকার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। গোদাগাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, রাস্তার পাশে এসআই নূর ইসলামের মোটরসাইকেলটি পড়েছিল। এসময় হেলমেটটি ভাঙ্গা অবস্থায় পাওয়া যায়। তিনি জানান, কোনো গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লেগে থাকতে পারে। এ কারণে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি কামরুল ইসলাম।