টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ সাড়ে তিন ঘণ্টা পর শুরু হয়েছে। আজ দুপুর ১টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছালে এ কাজ শুরু হয়। এ ঘটনায় ঢাকা থেকে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে নীলসাগর এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছায়। এসময় ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়ে যায়। লাইনচ্যুত বগি নিয়ে ট্রেনটি প্রায় এক কিলোমিটার পথ এগিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়, কোচের ক্ষয়ক্ষতি হয়, স্লিপার ভেঙে যায় এবং রেললাইন বেঁকে যায়।
পাকশী বিভাগের ট্রাফিক পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু করা হয়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে।