চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাতকড়া পরা অবস্থায় পুলিশের কাছ থেকে পালিয়ে গেছেন ইউপি সদস্য ও কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিক। তাকে আটক করতে গেলে হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।
গতকাল রাত ৯টার দিকে উপজেলার কুড়ুলগাছী ইউনিয়নের চণ্ডিপুর গ্রামে ঘটনাটি ঘটে। আবু ছিদ্দিক একই ইউনিয়নের ইউপি সদস্য ও চণ্ডিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ জানায়, আবু ছিদ্দিককে আটক করার জন্য রাতে চণ্ডিপুর গ্রামে অভিযান চালানো হয়। দর্শনা থানার একদল পুলিশ তাকে আটক করে হাতকড়া পরায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। একপর্যায়ে পুলিশের হাতকড়া নিয়েই পালিয়ে যান আবু ছিদ্দিক।
এ ঘটনায় পুলিশ চন্ডিপুর হালদারপাড়া থেকে চারজনকে আটক করে। তারা হলেন রবি হালদারের ছেলে লক্ষ্মণ, সেলিমের ছেলে ফিরোজ,সঞ্চয়ের স্ত্রী কণা ও সঞ্জিতের স্ত্রী সোনালী।
দামুড়হুদা-জীবননগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরুল্লাহ বলেন, আওয়ামী লীগ নেতা আবু ছিদ্দিককে আটক করতে গেলে পরিবারের লোকজনসহ প্রতিবেশীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মুখলেসুর রহমান বলেন, পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে।