বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলো বাস্তবায়নের দিকে এগোচ্ছে সরকার।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আজ জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তথ্য। নির্ভরযোগ্য তথ্য ছাড়া কোনো সরকারের পক্ষে সঠিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন সম্ভব নয়। তথ্য একটি সরকারের হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যে সরকারের হাতে তথ্য থাকবে না, তার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ নেই।
মন্ত্রী বলেন, তথ্যের ওপর আস্থা না থাকলে সেই তথ্যের ভিত্তিতে কোনো কাজ করা সম্ভব নয়। যে তথ্য পরিমাপযোগ্য নয় এবং যার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে, তার ওপর কারো আস্থা থাকার কারণ নেই। কোনো সরকার তথ্য নিয়ে কারসাজি করলে তা নিজের সঙ্গে প্রতারণার শামিল।
নির্ভরযোগ্য পরিসংখ্যান তুলে ধরার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, দেশের পরিসংখ্যান ব্যবস্থাকে নির্ভরযোগ্য, স্বচ্ছ, পরিমাপযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে হবে। এ জন্য পরিসংখ্যান ব্যুরোর কাজকে কীভাবে আরো ক্ষমতায়ন করা যায়, তা নিয়ে সরকার চিন্তাভাবনা করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত নেয়া হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ শাহাদাৎ হোসেন এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বিবিএসের মহাপরিচালক শামিমুল হক, পরিচালক কবির উদ্দিন আহম্মদ, পরিকল্পনা সচিব, আইএমইডি সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।