সাংবাদিকদের মীর শাহে আলম

চলতি বছর নাও হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

মীর শাহে আলম বলেন, ‘নির্বাচন কমিশন একটি সম্ভাব্য বাজেট দিয়েছে। ৬ হাজার কোটি টাকা লাগবে এ পাঁচ নির্বাচন শেষ করতে।

স্থানীয় সরকারের পাঁচটি নির্বাচন শেষ করতে আনুমানিক ৬ হাজার কোটি টাকা লাগতে পারে বলে সরকারকে জানিয়েছে নির্বাচন কমিশন। এছাড়া নির্বাচন কমিশন আগামী বছর থেকেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে পারে বলেও মনে করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

মীর শাহে আলম বলেন, ‘নির্বাচন কমিশন একটি সম্ভাব্য বাজেট দিয়েছে। ৬ হাজার কোটি টাকা লাগবে এ পাঁচ নির্বাচন শেষ করতে। আমরা মোটামুটি এ পরিমাণ অর্থ যাতে দিতে পারি সেই ব্যবস্থা রাখা আছে। এটা কমবেশি হতে পারে, তারা একটা সম্ভাব্য হিসাব আমাদের কাছে দিয়েছে। সেখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করতে আমাদের খরচ হবে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা, উপজেলা নির্বাচনে লাগবে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা। দুটি নির্বাচনেই বড় খরচ। আর বাকি পৌরসভা ও সিটি করপোরেশন—এগুলোতে খরচের পরিমাণ অনেক কম।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এ বছর নির্বাচন কমিশন যেভাবে কথা বলেছে, তাতে আমার কাছে মনে হচ্ছে না যে এ বছর নির্বাচন হবে। তারা যেহেতু ৬ জুন শেষ সময় দিয়েছে, তাতে মনে হয় যে আগামী বছর থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে কমিশন।’

মীর শাহে আলম বলেন, ‘তারা সচিব কমিটির মিটিং করে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে, আবার মিটিং করবে। এ মাসের শেষে অথবা অক্টোবরের ফার্স্ট উইকে আরেকটা মিটিং করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের প্রতিনিধিরা সেখানে থাকবে।’

সরকারের চাওয়া-পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ অর্থবছরের মধ্যে নির্বাচনগুলো যেন তারা শেষ করে, শুরুটা আমি বলব না। শুরুটা তারাই ঠিক করবে। কারণ আমি যদি শুরুটা বলে দিই, এটা নির্বাচন কমিশনের জন্য বিব্রতকর হবে। কারণ নির্বাচনটা তারা পরিচালনা করবে।’

আরও