ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় জড়িত হামলাকারীরা যেন দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় নজরদারি ও সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে সীমান্তবর্তী সড়কগুলোতে যানবাহনে তল্লাশিও বাড়ানো হয়েছে।
বণিক বার্তার ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্তে শুক্রবার রাত থেকে টহল কার্যক্রম জোরদার করেছে সরাইল বিজিবির ২৫ ব্যাটালিয়ন। বিজিবি সদর দফতরের নির্দেশনায় জেলার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ টহল দেয়া হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।
২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। ব্যাটালিয়নের আওতাধীন প্রতিটি বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
হিলি প্রতিনিধি জানান, দিনাজপুরের হিলি সীমান্তেও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিজিবি। জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন থেকে শনিবার বিকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে এবং বাড়ানো হয়েছে জনবল।
এতে আরো জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং সন্দেহজনক ব্যক্তি, যানবাহন, মোটরবাইকসহ এলোমেলোভাবে চলাচলকারীদের তল্লাশি করা হচ্ছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পৃথক পৃথক টহল দলের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে অযথা আতঙ্ক সৃষ্টি না করতে সশস্ত্র বিজিবি সদস্যদের নিয়ে বিশেষ মোবাইল টহলও চলছে।