পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সাজেক, ভ্রমণে বাধা নেই

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর পর্যটকদের জন্য সাজেক ভ্যালি উন্মুক্ত করে দিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধের আগের নির্দেশনা প্রত্যাহার করা হয়। আগামীকাল শুক্রবার থেকে পর্যটকরা সাজেক ভ্রমণ করতে পারবেন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের নির্দেশনা পরিবর্তন করে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এর আগে ১১ অক্টোবর জারি করা এক গণবিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। ওই নির্দেশনায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। ওই সময় পর্যটকদের মঙ্গলবার বিকালের মধ্যে সাজেক ত্যাগের নির্দেশনাও দেয়া হয়।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক ভ্যালি সড়কে নির্ধারিত অবরোধ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই পর্যটনকেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী বলেন, সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুক্রবার থেকে পর্যটকরা সেখানে যেতে পারবেন।

আরও