খালেদা জিয়ার চিকিৎসা

যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল আসছে আজ, বিদেশে নেয়ার সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড: ডা. জাহিদ

ডা. জাহিদ বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সেই বোর্ডে ওনার পুত্রবধূ ডাক্তার জুবায়দাও রয়েছেন। আর পুরো বিষয়ে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত আছেন।

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদল আজ মঙ্গলবার ঢাকায় আসছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল তাকে (খালেদা জিয়া) দেখবেন। দেখার পর তিনি যদি ট্রান্সফারেবল হয়, যদি ট্রান্সফারের প্রয়োজন পড়ে, যদি মেডিকেল বোর্ড মনে করে, তখন তাকে যথাযথভাবে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে।

এ যাত্রায় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন আশা প্রকাশ করে ডা. জাহিদ বলেন, চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া। অথবা বলা যায়, তিনি চিকিৎসা মেনটেইন করতে পারছেন। এ যাত্রায় তিনি সুস্থ হয়ে যাবেন আশা করছি।

তিনি আরো বলেন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। সেই বোর্ডে ওনার পুত্রবধূ ডাক্তার জুবায়দাও রয়েছেন। আর পুরো বিষয়ে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত আছেন।

খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে তিনি আরো বলেন, এক্ষেত্রে সব প্রস্তুতি আমাদের রয়েছে। তবে একটি বিষয়- রোগীর বর্তমান শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের পরামর্শের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময় জাহিদ হোসেন জানিয়েছিলেন, ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

বহু বছর ধরেই তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

আরও