গাইবান্ধায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার, গ্রেফতার ৩

উদ্ধার হওয়া মূর্তি দুটির প্রত্নতাত্ত্বিক মান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হয়। ডিজিটাল মেশিনে ওজন করে দেখা যায়, বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ১৬ কেজি ৮৭০ গ্রাম। বিজিবি সদর দপ্তরের নির্ধারিত মূল্য অনুযায়ী মূর্তি দুটির আনুমানিক দাম ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচারের জন্য রাখা কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। মূর্তি দুটির আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা বলে জানায় বিজিবি। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন দইহারা গ্রামের আরিফ হোসেনের ছেলে আলিপ হোসেন (২২), একই গ্রামের বুরুজ মিয়ার স্ত্রী সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এনামুল হক (৫০)।

আজ ‎শুক্রবার দুপুরে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিজিবি ও পুলিশের যৌথ দল জানতে পারে, একটি সংঘবদ্ধ মূর্তি পাচারকারী চক্র পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মূল্যবান কষ্টিপাথরের মূর্তি ওই এলাকায় রেখেছে। পরে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তি দুটির প্রত্নতাত্ত্বিক মান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হয়। ডিজিটাল মেশিনে ওজন করে দেখা যায়, বড় মূর্তিটির ওজন প্রায় ১১৯ কেজি এবং ছোটটির ১৬ কেজি ৮৭০ গ্রাম। বিজিবি সদর দপ্তরের নির্ধারিত মূল্য অনুযায়ী মূর্তি দুটির আনুমানিক দাম ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।

‎গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বরে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে আটক তিনজনসহ পলাতক ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেছেন।

আরও