গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে বিআরটিসির একটি বাস উল্টে ঘটনাস্থলেই ১ ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণবন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে পঞ্চগড় যাচ্ছিল। বাসটি পলাশবাড়ী পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা কেউ কেউ সামান্য আহত হলেও বাসের নিচে চাপা পড়ে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে মরদেহটি উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান,মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।