বাণিজ্যিক জাহাজ আগমনের নতুন রেকর্ড গড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা। ৭০ বছরের রেকর্ড ভেঙে ২০২০-২১ অর্থবছরে ৯৭০টি বাণিজ্যিক জাহাজ এ বন্দরে নোঙর করেছে। এ সময়ে বন্দরে ১৪ হাজার ৪৭৪টি গাড়ি অবতরণ এবং ৪৩ হাজার ৯৫৯টি ইইউজ কন্টেইনার জাহাজে খালাস-বোঝাই হয়।
বিশ্বব্যাপী করোনা মহামারী মধ্যে মোংলা বন্দরের এমন জাহাজ আগমনকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী এবং সংশ্লিষ্টরা।
গত অর্থবছরে মোংলা বন্দরে জাহাজ ভিড়েছিল ৯০৩টি। ২০১৮-১৯ অর্থবছরে ৯১২টি, ২০১৭-১৮ অর্থবছরে ৭৮৪টি, ২০১৬-১৭ অর্থবছরে ৬২৩টি জাহাজ ভিড়েছিলো এই বন্দরে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মোঃ মোস্তফা কামাল জানান, ২০২০-২১ অর্থবছরের বন্দরে মোট জাহাজ এসেছে ৯৭০টি। বন্দর প্রতিষ্ঠার ৭০ বছরে এত জাহাজ বন্দরে আসেনি বলে জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ী ও জনগণের কথা চিন্তা করে লকডাউনের মধ্যেও কার্যক্রম স্বাভাবিক রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে বন্দরের আমদানি-রফতানি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, জাহাজ, কার্গো, গাড়ি ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে সকল সূচক ঊর্ধ্বমুখী হওয়ায় বন্দরের আয় স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে এই বন্দরের কার্যক্রম আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, ১৯৫০ সালে বৃটিশ বাণিজ্যিক জাহাজ দ্য সিটি অফ লায়নস সুন্দরবনের মধ্যে পশুর নদীর জয়মনিরগোল নামক স্থানে নোঙ্গর করার মধ্য দিয়ে মোংলা বন্দর প্রতিষ্ঠার আনুষ্ঠানিক সূচনা হয়।