শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সবার: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সবার। শুধু সরকারের ওপর দায়িত্ব ছেড়ে দিলে হবে না। শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে।

রোববার (২৫ জানুয়ারি) বিমান বন্দর এলাকায় ‘ঘোষিত নীরব এলাকায় হর্ন বাজানো নিরুৎসাহিতকরণ কর্মসূচি’ বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর, ডিএমপি, বিআরটিএ, ডিএনসিসি ও সিভিল এভিয়েশনের সমন্বিত অভিযানে হর্নের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে আয়োজিত সমাবেশে উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে হর্ন ব্যবহারের ওপরই জোর দেয়া হচ্ছে। কোনো অজুহাতেই অকারণে হর্ন বাজানো যাবে না। অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যেভাবে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দণ্ড আরোপ করা হয়, একই পদ্ধতিতে হর্ন ব্যবহারের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।

তিনি জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা–২০২৫’ প্রণয়ন করা হয়েছে এবং এ কাজে পুলিশকে সম্পৃক্ত করা হয়েছে। ট্রাফিক পুলিশ এরইমধ্যে কয়েকজন তরুণকে প্রশিক্ষণ দিয়ে কার্যক্রমে যুক্ত করেছে। সিভিল এভিয়েশন স্বেচ্ছাসেবীদের সহায়তায় বিমানবন্দরের ঘোষিত নীরব এলাকায় হর্নমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কার্যক্রম শুরু করতে পারে। বিমানবন্দর এলাকা হর্নমুক্ত করে একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপদেষ্টা জানান, উচ্চশব্দের কারণে শতকরা ৬৫ ভাগ ড্রাইভার ঢাকা শহরে কানে কম শোনে। একটা বাচ্চা যখন স্কুলে যায় হর্নের আওয়াজ তার জন্য খুবই অস্বস্তিকর। জাতিগতভাবে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে।

সচিব ড. ফারহিনা আহমেদ বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণে যে বিধিমালাটি করা হয়েছে তা বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। এব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সমাবেশে আরো বক্তব্য দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদ।

আরও