জামালপুরের
বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মামলার প্রধান আসামি মাহমুদুল আলম ওরফে বাবু। গতকাল সন্ধ্যায় জামালপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস তার জবানবন্দি রেকর্ড করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জামালপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পাঁচদিনের রিমান্ড শেষে গতকাল মামলার প্রধান আসামিকে আদালতে পাঠানো হয়। তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ১৬৪ ধরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আসামি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার তদন্তের স্বার্থে এখনই ওই তথ্য প্রকাশ করা যাচ্ছে না।’
সাংবাদিক নাদিমের ওপর হামলার পর আত্মগোপনে চলে যান মাহমুদুল আলম। গত ১৭ জুন ভোরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায় র্যাবের একটি দল। পরদিন সাংবাদিক নাদিমের স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশ সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। ওই দিনই আদালত তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৪ জুন রাত ১০টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় মাহমুদুলের নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের ওপর হামলা করে একদল সন্ত্রাসী। এ সময় তাকে টেনেহিঁচড়ে উপর্যুপরি কিল-ঘুসি ও বেদম মারধর করা হয়। পরের দিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।