প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, চামড়া শুধু একটি কাঁচামাল নয়; এটি বাংলাদেশের একটি বড় অর্থনৈতিক সম্ভাবনা। আমাদের লক্ষ্য হতে হবে কাঁচা চামড়া রফতানি নয়, বরং চামড়া থেকে উচ্চমূল্যের জুতা, ব্যাগ, বেল্ট ও অন্যান্য পণ্য তৈরি করে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা।
আজ বুধবার ঢাকায় তেজগাঁও বিসিক ভবনের নিচতলায় পাঁচদিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্যে মেলা-২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশগত ঝুঁকির বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে হবে। ট্যানারি শিল্পের বর্জ্য ও রাসায়নিক পদার্থ অপরিশোধিত অবস্থায় নদী, খাল বা জলাশয়ে যাতে না যায়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ট্যানারি শিল্পের আশপাশে অপরিকল্পিত আবাসিক এলাকা গড়ে ওঠা রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও পরিবেশের মধ্যে ভারসাম্য রেখে ভবিষ্যৎ শিল্প পরিকল্পনা করতে হবে।
বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়ার আন্তর্জাতিক সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের এই মূল্যবান সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে চামড়াজাত পণ্য রপ্তানিতে বাংলাদেশ আরো বড় সুযোগ তৈরি করতে পারে।
প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা বলেন, যে দেশের ব্ল্যাক বেঙ্গল গোটের চামড়া বিশ্ববাজারে সমাদৃত, সেই দেশের চামড়া শিল্প পিছিয়ে থাকার কোনো কারণ নেই। প্রয়োজন সঠিক নীতি, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা।
চামড়া শিল্পে বহুমুখীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিশ্ববাজারে মানুষের ব্যবহার্য পণ্যের চাহিদা অব্যাহত থাকবে। তাই আন্তর্জাতিক মানের জুতা, ব্যাগ, ফ্যাশন অ্যাকসেসরিজসহ বিভিন্ন চামড়াজাত পণ্য উৎপাদনের মাধ্যমে রপ্তানি বাজার সম্প্রসারণ করতে হবে।
বিসিকের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে বিসিক শিল্পনগরীর অব্যবহৃত সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও শিল্প গড়ে তুলতে হবে। তরুণদের শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিসিককে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, বিসিকের অব্যবহৃত জায়গা পড়ে থাকবে না; সেখানে নতুন উদ্যোক্তা, নতুন কারখানা ও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। সম্ভাবনার যে দরজাগুলো বন্ধ হয়ে আছে, আমাদের সম্মিলিত উদ্যোগে সেগুলো খুলে দিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, বিসিক চেয়ারম্যান বেনজির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শিল্প উদ্যোক্তারা বক্তব্য দেন।