এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের জন্য এইচএসসি ও সমমানের সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গতকাল এ তথ্য জানিয়েছেন।
আক্তারুজ্জামান বলেন, ২-৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নেয়া, উত্তরপত্র মূল্যায়ন ও ফল প্রকাশের কাজ আমরা সম্পন্ন করব। বোর্ডগুলোকে পুরো প্রক্রিয়া এক মাসের মধ্যে শেষ করতে হবে।
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ পরীক্ষার্থী ফেল করেছেন। তাদের মধ্যে এক বা দুই বিষয়ে ফেল করেছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন।
এদিকে এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। ফল প্রকাশ করা হবে ২৭ নভেম্বর।